সুচিত্রার চরিত্রে বিদ্যার না

 
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউডের নায়িকা বিদ্যা বালান। রবিবার এমন তথ্যই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
 
পিটিআই’কে দেয়া এক সাক্ষাত্কারে বিদ্যা বালান বলেছেন, সুচিত্রা সেনের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল। তবে আমি সেটা করছি না। আমি এটি করতে রাজি হয়েছি ও কথ্যক নাচ শিখছি-গণমাধ্যমের এমন খবরে আমি বিস্মিত।
 
তিনি বলেন, আমার চিত্রনাট্য পছন্দ হয়েছে। কিন্তু আমি মনে করি তার চেহারার সঙ্গে আমার মিল কম।  এটা বাংলা ছবি। তাই সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন এই চরিত্রের জন্য উপযোগী বলে মনে করি। ছবিটি হিন্দিতে হলেও অভিনয় করতেন বলে জানিয়েছেন বিদ্যা।
 
সুচিত্রা সেনের পাশাপাশি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর চরিত্রে অভিনয়ের জন্যও তিনি প্রস্তাব পেয়েছেন, এমন গুজবকে নাকোচ করে দিয়েছেন তিনি।
 
বিদ্যা বলেছেন, আমি এই ধরণের কোনো ছবির প্রস্তাব পাইনি। আমি জানি না এই খবর কোথা থেকে আসলো?
 
সম্প্রতি দুইটি ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা। কিন্তু এর সম্পর্কে তেমন কিছু প্রকাশ করেননি তিনি।
 
আগামী ১২ জুন মুক্তি পেতে যাচ্ছে মোহিত সুরির পরিচালনায় বিদ্যা অভিনীত ‘হামারি আধুরি কাহানি’ ছবিটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।