এক কিলোমিটার ধাওয়া করে চেইন উদ্ধার করলেন নারী এসিল্যান্ড

শাড়ি পরা অবস্থায় অন্তত এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরলেন সালমা খাতুন নামে এক নারী। শনিবার(০২ মার্চ) বিকালে রাজধানীর হাতিরঝিলে রিকশায় থাকা অবস্থায় তার গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারী। পরে ওই ছিনতাইকারীকে ধরে তিনি চেইনটি উদ্ধার করেন।

ঢাকার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত সালমা খাতুন জানান, 'শনিবার বিকালে রিকশায় করে রাজধানীর হাতিরঝিল দিয়ে যাচ্ছিলাম। ওখানে যানজটে বসে থাকার এক মুহূর্তে আমার গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী। পরে আমি সাহস করে তাকে ধাওয়া করি। শাড়ি পড়া অবস্থায় তার পিছে ছুটতে ছুটতে অন্তত এক কিলোমিটার দৌড়ে অবশেষে ছিনতাইকারীকে ধরে ফেলি। তার কাছ থেকে আমার চেইনটি নেই। তবে ছিনতাইয়ের সময় লকেটসহ চেইনটি টুকুরো হয়ে যাওয়ায় চেইনের পুরো অংশটি উদ্ধার করতে পারিনি'। ছিনতাইকারীকে ধরে চেইন উদ্ধারের পর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য নেন সালমা। পরে ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।

আরও পড়ুন:   রামপালে নির্মানাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুই শ্রমিক নিহত

এদিকে এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরে সাহসিকতার স্বাক্ষর রাখায় এই নারী কর্মকর্তা প্রসংশায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তার সাহসীকতার ভূয়সী প্রসংশা করছেন সবাই। এই বিষয়ে তিনি বলেন, 'নারী-পুরুষ ভেদে সাহসিকতার ভিন্ন কোনো সংজ্ঞা নেই। যে কোনো অপরাধ সংঘটনের প্রাথমিক পর্যায়ে যদি সাধারণ মানুষ পুলিশ আসার অপেক্ষায় না থেকে সাহস করে প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাহলে সেটিই বহু সমস্যার আগাম সমাধান দিতে পারে। একজন নারীর সাহসিকতা দেখে দশজন নারী এগিয়ে আসবে। তারাও প্রেরণা পাবে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার'।

ইত্তেফাক/জেডএইচডি