গারো নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রত্যেককে গ্রেফতার ও শাস্তির দাবিতে ছাত্র সংগঠনসহ কয়েকটি সংগঠন দোয়েল চত্বরে বিক্ষোভ করেছে।
সোমবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন ও চানচিয়ার যৌথ উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি আয়োজন করা হয়।
সংগঠনগুলোর নেতা-কর্মীরা অপরাজেয় বাংলায় এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ঘেরাওয়ের উদ্দ্যেশে যাত্রা শুরু করলে দোয়েল চত্বর এলাকায় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশী বাধার মুখে ঘটনাস্থলেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। IMG0
সমাবেশে বক্তারা বলেন, এ ঘটনায় ধর্ষিতা ওই গারো নারী পাঁচজনের কথা উল্লেখ করলেও পুলিশ মাত্র দুইজনকে গ্রেফতার করে বাকী তিনজনকে আড়াল করার চেষ্টা করছে। আসামিদের আগামী সাতদিনের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হলে ৮ জুন সকাল ১১টায় আবারো স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ঘেরাও কর্মসূচির আল্টিমেটাম দেন বক্তারা।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, চানচিয়ার সমন্বয়ক আন্থনি রেমা, বাগাছাস ঢাকা মহানগর শাখার সভাপতি পাপ্পু ডিও, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন ঢাকা মহানগর শাখার সহসভাপতি তমাল হাজং, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত ধামাইসহআদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, পিসিপি, আদিবাসী স্বেচ্ছাসেবক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।