সোনারগাঁওয়ে সাইবার অপরাধ চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার বিকালে কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মাকসুদুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আমিনুল ইসলাম, বিপ্লব হোসেন ও মেহেদী হাসান। এ সময় তাদের কাছ থেকে আইএমইআই নাম্বার পরিবর্তনের কাজে ব্যবহৃত ৫টি ডিভাইস, একটি ল্যাপটপ, ১‘শ মোবাইল সেট, ৩টি সিপিও, ৩টি মনিটর ও বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাঁচপুর সোনাপুর মতিন খাঁন প্লটের ২টি দোকানে মোবাইল ফোন সার্ভিসের নামে সাইবার অপরাধ পরিচালনা করে আসার সন্ধান বের করেন সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ। তিনি কৌশলে ওই দুইটি দোকানে গিয়ে তার কাছে থাকা ৫টি মোবাইল ফোন সেট দিয়ে আইএমইআই নাম্বার পরিবর্তন করার জন্য তাদের সাথে চুক্তি করেন। দোকান দুইটিতে থাকা সাইবার অপরাধ চক্রের সদস্যরা ওই ৫টি মোবাইল ফোনের আইএমইআই নাম্বার পরিবর্তন করার কাজ শেষ করে।
সোমবার দুপুরে সোনারগাঁও থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদেরের নেতৃত্বে পুলিশ ওই দোকান দুইটিতে অভিযান চালায়। এ সময় মোবাইল ফোনের আইএমইআই নাম্বার পরিবর্তনের সফটওয়্যার ডিভাইস মিরাক্কেল, স্পাইডারম্যান, অক্টোপাস, ফ্যাশন বুকস্ ও বিভিন্ন মালামালসহ ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের পিপিএম জানান, চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধে জড়িত মূল আসামিরা যাতে সহজেই পার পেয়ে যায় সেজন্য আর্ন্তজাতিক মানের কয়েকটি হ্যাকার চক্র দেশে গোপনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ হ্যাকার চক্র তাদের প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোনের গোপন পাসওয়ার্ড আইএমইআই নাম্বার মুছে ফেলা ও পরিবর্তন করার কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ হ্যাকার চক্রের মূল লক্ষ পুলিশ প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলোর চোখ ফাঁকি দিয়ে অপরাধীরা নির্বিঘ্নে একের পর এক অপরাধ সংগঠিত করে চলতে পারে সেই ব্যাপারে সহায়তা করা। দেশের বিভিন্ন স্থানে কোন অপরাধ সংগঠিত হলে পুলিশ প্রশাসনসহ দেশের বিভিন্ন তদন্তকারী
সংস্থা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনের কল লিষ্ট ও মোবাইল ফোনের আইএমইআই নাম্বার সন্ধান করতে প্রথমেই কাজ করে। বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের পুলিশ প্রশাসনসহ বিভিন্ন তদন্তকারী সংস্থার কাছ থেকে আড়াল করতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্নস্থানে একাধিক সাইবার অপরাধ চক্র সক্রিয় হয়ে উঠে।
সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর এলাকায় এ চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের মোবাইল ফোন সংগ্রহ করে মোবাইল ফোনের আইএমইআই নাম্বার পরিবর্তন করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশে প্রথম বারের মত সোনারগাঁও থানায় তথ্য প্রযুক্তি আইন ২০০৯ এর ৫৫/৫৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।