ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে ১০ কোটি ইউরো দেবে ফ্রান্স

রাজধানী ঢাকায় বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা শক্তিশালী করতে ১০ কোটি ইউরো ঋণ দিচ্ছে ফরাসি সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৪৮ কোটি টাকা। এ বিষয়ে ফ্রান্সের দাতা সংস্থা এএফডি ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছে। 
 
সোমবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মো. মেজবাহ উদ্দিন ও এএফডির প্রতিনিধি প্যাস্কেল প্যাকআইট চুক্তিতে সই করেন।
 
চুক্তি অনুষ্ঠানে জানানো হয়, কনস্ট্রাকশন অব নিউ ১২৩/৩৩ অ্যান্ড ৩৩/১১ কেভি সাবস্টেশন আন্ডার ডিপিডিসি শীর্ষক প্রকল্পে ফ্রান্স সরকারের এ সহায়তার অর্থ ব্যয় করা হবে। এর আওতায় বিদ্যুতের ২৮টি উপকেন্দ্র স্থাপন ও সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এর ফলে ঢাকায় বিদ্যুতের শক্তিশালী, কার্যকর নেটওয়ার্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)।
 
এ প্রকল্পে এএফডি ছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) সহায়তা দিচ্ছে বলে জানানো হয়। এ প্রকল্পের কাজ শেষ হলে প্রায় সাড়ে ১২ লাখ বিদ্যুৎ গ্রাহক উপকৃত হবেন। বিদ্যুতের সুবিধার আওতায় আসছে শোয়া দুই লাখ আবাসিক গ্রাহক।