স্থল সীমান্ত চুক্তি অনুমোদন করলেন প্রণব মুখার্জি

আগামী ৬ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরের আগে ভারতের পার্লামেন্টে পাস হওয়া স্থল সীমান্ত চুক্তি অনুমোদন করলেন দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। দীর্ঘ ৪১ বছর ঝুলে থাকার পর মে মাসের শুরুর দিকে ভারতের পার্লামেন্টে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাস হয়। গত ২৮ মে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলটি অনুমোদন করেন। এ বিষয়ে ইতিমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে।

 
১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন। ২০১১ সালে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে এ চুক্তি বাস্তবায়নের জন্য একটি প্রটোকল স্বাক্ষর করা হয়। কিন্তু এর বাস্তবায়নের জন্য ভারতের সংবিধানের প্রয়োজনীয় সংশোধন না হওয়ায় ৪২ বছর ধরে ব্যাপারটি ঝুলে ছিলো।
 

দুই দেশের মধ্যে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার সীমান্ত চিহ্নিত করাই এই স্থল সীমান্ত চুক্তির লক্ষ্য। ছিটমহলগুলোর মধ্যে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি (৭১১০ একর জমি) এবং বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি (১৭১৬০ একর) জমি বিনিময় হবে। অপদখলীয় জমির মধ্যে মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্যের অধীন সীমান্তে ২০০০ একর জমি এবং আসামের ২৬৮ একর জমির অধিকারী হবে বাংলাদেশ।