আলমগীর হক কানাডায় বসবাসকারী বাংলাদেশি শিল্পী। দেশে প্রিন্টিং শিল্পকর্মের নতুন এক মাধ্যমকে মেলে ধরতে চেয়েছেন দর্শকদের মাঝে। ছবি আঁকতে যেখানে পানি বা তেল ব্যবহার করা হয়, সেখানে পানি বিহীন লিথোগ্রাফি নামক মাধ্যম ব্যবহার করছেন তিনি। নতুন এই মাধ্যমে ছবি আঁকা নিয়ে দুইমাস ব্যাপী এক কর্মশালার আয়োজন করেন শিল্পী আলমগীর হক। কর্মশালায় অংশ নেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের প্রিন্টমেকিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। একের পর এক সৃষ্টি হয় নানা রঙ আর ঢঙের লিথো শিল্পকর্ম। সেই ছবিগুলো নিয়ে ভিন্নধর্মী এক প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর গ্যালারী কসমসে।
গতকাল সোমবার ঐ প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন এবং শিল্পী আবুল বারক আলভি।
‘রিমিক্স ইল্যুশন’ নামের এ ছাপচিত্র প্রদর্শনীর আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের ফাইন আর্টস বিভাগ। দু‘জন শিক্ষকসহ ২৪ জন শিক্ষার্থীর ৪৮টি চিত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। উপমহাদেশে জলের স্পর্শ ছাড়াই লিথোগ্রাফির প্রবর্তক কানাডা প্রবাসী শিল্পী আলমগীর হক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
ড. মশিউর রহমান বলেন, ছবি বা চিত্রকর্ম মনের অব্যক্ত ভাব প্রকাশে সহায়ক। অব্যক্ত অনুভূতির গভীরতার সঙ্গে সহানুভুতির স্বতঃস্ফূর্ত মিশ্রণ চিত্রকর্মে পরিলক্ষিত হয়। শিল্পকলার ইতিহাসে জলের স্পর্শবিহীন চিত্রকর্ম নিঃসন্দেহে নতুন সংযোজন। এটি সৃষ্টিশীলতার ধারাকে সমৃদ্ধ করবে।
তাসমিমা হোসেন বলেন, নতুন এই শিল্পকর্ম দেশে প্রসারিত হয়ে চিত্রকলায় নতুন এক মাত্রা যোগ করবে।
আলমগীর হক বলেন, চিত্রকর্মে পানি ব্যবহারের প্রচলিত নিয়মেই সবাই অভ্যস্ত। লিথোগ্রাফির এ পদ্ধতিতে পানির পরিবর্তে কেবল কেমিক্যাল ব্যবহারই যথেষ্ট। এতে ফটোসেনসিটিভ প্লেটের উপর সিলিকন দিয়ে ছবির থিম তৈরি করা হয়। এতে আকর্ষণীয়ভাবে রঙ ফুটে উঠে। যা অনেক বেশি চিত্তাকর্ষক হয়। একই প্লেটে একাধিক প্রতিবিম্বও তৈরি করা সম্ভব হয়। সহজেই রঙের ভিন্নতা আনাও সম্ভব হয়। এ ছাপচিত্র তৈরির নতুন কৌশলে সময়ও কম লাগে।
তিনি জানান, কানাডার স্যাসক্যাচওয়ান ইউনিভার্সিটির অধ্যাপক নিক স্মিরনফ ১৯৯২ সালে এ পদ্ধতির প্রবর্তন করেন। তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার পর তিনি এ পদ্ধতি রপ্ত করেন। জসিম উদ্দিন বলেন, ছাপচিত্রের নব-জাগরণ ও সূচনা বাংলাদেশ তথা উপমহাদেশে শিল্পকলার ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
গ্যালারী কসমসে লিথো চিত্র প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত। ঠিকানা বাড়ি-১১৫, রাস্তা ৬, নতুন ডিওএইচএস মহাখালী।