সংসদ অধিবেশন শুরু

দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়েছে। এটি মূলত বাজেট অধিবেশন। আগামী ৪ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকাল সাড়ে তিনটায় ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব পেশ শুরু করবেন বলে গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাস হবে বলেও সিদ্ধান্ত হয়। এছাড়া চলতি অধিবেশন আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে বলেও সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, এটি হবে বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট।

 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নির্ধারিত সময় অনুযায়ী গতকাল বিকাল সাড়ে পাঁচটায় অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ সিংহভাগ সংসদ সদস্য অধিবেশনের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন। শুরুতে স্পিকার ২০১৫-১৬ অর্থবছরের এই বাজেট অধিবেশনে সবাইকে স্বাগত জানান।
 
কার্যউপদেষ্টা কমিটির বৈঠক
 
অধিবেশন শুরুর আগে বিকাল চারটায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আজ মঙ্গলবার অধিবেশন শুরু হবে বিকাল ৪টায়। আজ ও বাজেট উপস্থাপনের দিন ছাড়া রোজার আগে প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। রোজার সময় সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। এছাড়া আগামী ২০ ও ২৭ জুন শনিবারও অধিবেশন বসবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাজেটের ওপর সংসদে মোট ৪৫ ঘন্টা আলোচনা হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।
 
কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও কমিটির সদস্য-রওশন এরশাদ, এইচএম এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল­াহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ ও মইন উদ্দীন খান বাদল, আনিসুল হক বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৈঠকে যোগ দেন।
 
সভাপতিমণ্ডলী মনোনয়ন
 
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিত্ব করার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়েছে। তারা হচ্ছেন- আবুল কালাম আজাদ, আব্দুল মতিন খসরু, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ফখরুল ইমাম ও বেগম শিরিন নাঈম। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিতদের মধ্যে যার নাম আগে রয়েছে তিনি অধিবেশনে সভাপতিত্ব করবেন।
 
শোক প্রস্তাব গৃহীত
 

সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ এবং আধুনিক সিঙ্গাপুরের স্থপতি ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ, প্রাক্তন দু’জন গণপরিষদ সদস্য, সমপ্রতি মৃত্যুবরণকারী সাবেক কয়েকজন সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা ও একজন কর্মচারীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উত্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেস সচিব আমিনুল হক, কিংবদন্তি ভাস্কর নভেরা আহমেদ, সাংবাদিক হোসাইন জাকির ও কিংবদন্তি অভিনেতা সিরাজুল ইসলামের মৃত্যুতে সংসদ গভীর শোক জানায়। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করেন।