বাংলাদেশ আফগান লড়াই আজ

সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ বিশ্লেষণ করে দলের কোচিং স্টাফ নিশ্চিত হয়েছে, ম্যাচটা বাংলাদেশেরই ছিল। বাংলাদেশের হাতের মুঠোয় থাকা ম্যাচের জয়টা নিয়ে গেছে সিঙ্গাপুর। আফসোস করছেন ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। সরাসরি না বললেও মামুনুল, সোহেল রানা, হেমন্ত, এমিলি, রায়হান, ইয়াসিন, ইয়ামিনদের বুঝিয়ে দিয়েছেন দেশকে বঞ্চিত করেছেন তারা। একেক জন ফুটবলার সিঙ্গাপুরের বিরুদ্ধে যে পারফরম্যান্স করেছেন তার পুনরাবৃত্তি যেন না হয় আজ। কারণ আফগানিস্তান সিঙ্গাপুরের চেয়েও শক্তিশালী ফুটবল দল।

 

ক্রুইফের চোখে আফগানদের শক্তিটাই ভাসছে। র্যাংকিং দিয়ে সব সময় বিচার হয় না। তার পরও অন্তত আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের আগে সহজ করেই বলা যায় দুই দেশের র্যাংকিংয়েই পার্থক্যটা কতটুকু। ফিফার র্যাংকিংয়ে আফগানিস্তান ১৩৫ নম্বরে আর বাংলাদেশ আছে ১৬৯ নম্বরে, পার্থক্যটা ৩৯ ধাপ। অথচ আফগানিস্তান যখন ২০০৩ সালে বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে এসে তিন ম্যাচ হেরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল। তখন তাদের র্যাংকিং ছিল ১৯৬, বাংলাদেশের ১৫১, পার্থক্য ছিল বাংলাদেশ ৪৫ ধাপ উপরে। আজ সেই চিত্রটা ভিন্ন হয়ে গেছে। পার্থক্যটা চোখের সামনে রাখলে মাঠের খেলাটা নষ্ট হবে মামুনুলদের। তাদের কথা হচ্ছে অনেক সময় বিরাট পার্থক্যের কথাটা কাগজে-কলমের মধ্যে আটকে থাকে। র্যাংকিংটা পেছনে রেখে এখন ১২০ গজের লড়াইটায় জিততে চায় বাংলাদেশ। জেতা হবে কিনা সেটা এখন বলা যাবে না। তবে কোচ ক্রুইফের লক্ষ্য হচ্ছে সিঙ্গাপুরের বিরুদ্ধে ফুটবল অনুরাগীরা বাংলাদেশের যে খেলাটা দেখেছেন সেটা যেন না দেখতে হয়। ক্রুইফ বললেন, ম্যাচ জিতব সেকথা বলবো না। তবে ম্যাচের সুযোগগুলো কাজে লাগতে ভুল করলে কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হবে। দর্শকও হাতাশ হবে। আফগানিস্তানের বিরুদ্ধে সুযোগ কম আসবে। ক্ষুদ্র সুযোগটাকে কাজে লাগাতে হবে।’ কোচ তার শিষ্যদের বুঝাতে চাইছেন হাফ চান্সটাকে কাজে লাগাও। মাঠের অনুশীলনেও সেটা বুঝিয়ে দিয়েছেন কাল বিকালে শেখ জামালের মাঠে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগানোর নির্দেশনা আছে কোচের। দলের অধিনায়ক মামুনুল ইসলামও কোচের বাণী জামাল ভুঁইয়া, হেমন্ত, এমিল, এনামুল, নাসির, রায়হান, জুয়েল রানাদের কানে ঢেলে দিয়েছেন। সিঙ্গাপুরের কাছে প্রথম গোল হজমের কথাটা মনে করিয়ে গোলকিপার হিমেলকে সতর্ক করে দেয়া হয়েছে। এক কথায় টিম বাংলাদেশ হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার প্রতিজ্ঞা আজ বাংলাদেশের।

 
আফগানিস্তান ফুটবল দল এখন পুরোপুরি পেশাদারী মোড়কে। জার্মানি কোচিং স্টাফ, আধুনিক প্রশিক্ষণ, ফুটবল উন্নত দেশের ক্রীড়া সামগ্রীর ব্যবহার। মোদ্দাকথা হচ্ছে ফুটবল ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। আজকের প্রীতি ম্যাচে বাংলাদেশকে এগিয়ে রাখছেন আফগানদের ফুটবল গুরু জার্মানির কোচ স্লেভেন স্কেলেজিক। গত বছর ফেব্রুয়ারিতে তার হাতে আফগান ফুটবল সঁপে দেয়া হয়েছে পাঁচ বছরের জন্য। কিভাবে আন্তর্জাতিক ফুটবলের সিঁড়িটা বেয়ে উপরে ওঠা যায়, সেই পরিকল্পনায় স্কেচ করছেন যুগোস্লাভিয়ায় জন্ম নেয়া জার্মান স্লেভেন স্কেলেজিক। ঢাকায় আসার আগে ভালোভাবেই জানেন বাংলাদেশ তার দলের চেয়ে পিছিয়ে। তার পরও ভদ্রতার খাতিরে বলছেন বাংলাদেশ শক্তিশালী দল। পর পরই বলছেন, আমরা ফুটবল দর্শন আক্রমণাত্মক, প্রতিপক্ষকে খেলতে না দেয়া, বল পজেশনে ম্যাচটা নিজের হাতের মুঠোয় রাখা।’ পেশাদারী আচরণ তার মধ্যে। খেলোয়াড়দের নিজের মতো করে গড়ে তুলছেন। বাংলাদেশের বিরুদ্ধে হারবেন না কি জিতবেন তার চেয়েও বড় লক্ষ্য হচ্ছে ১১ জুন বিশ্বকাপ বাছাইয়ে কাবুলে সিরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলতে হবে সাফের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানকে। নতুন দল হলেও কোচের শক্তিটা নির্ভর করছে তার খেলোয়াড়দের উপর। কারণ ২৮ জনের যে দলটি নিয়ে স্লেভেন স্কেলেজিক বাংলাদেশে এসেছেন, সেই দলে ইউরোপে বিভিন্ন দেশের ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে ১৮ জন খেলোয়াড়ের। স্কেলেজিক বললেন, এই ১৮ জনের মধ্যে ৭ জন জার্মানি, ৩ জন করে সুইডেন ও নেদারল্যান্ডসের, অস্ট্রেলিয়া, নরওয়ে, থাইল্যান্ড, ডেনমার্ক ও ভারতের ঘরোয়া লিগেও খেলছেন একজন করে ফুটবলার। শারীরিক সামর্থ্যের পার্থক্যটা অনুমান করা যায়। তার পরও কাল সংবাদ সম্মেলনে আফগানিস্তান অধিনায়ক জালাল উদ্দিন শাহরিয়ার জানিয়ে গেলেন, বলছি না আমরাই জিতবো। ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। শেষ কথা হচ্ছে এখানে আমরা জিততেই এসেছি। আফগানিস্তান বাংলাদেশ সাত ম্যাচ খেললেও আফগানদের জয় নেই। বাংলাদেশ জিতেছে চারটি। আফগান অধিনায়ক জালাল উদ্দিন বললেন, ‘আমরা বাংলাদেশকে ক্রিকেটে হারালেও ফুটবল মাঠে জিততে পারিনি। এবার সেই সুযোগটা পাবো আশাকরি।’
 

আফগানিস্তান বাংলাদেশ আজ প্রীতি ম্যাচ হলেও বেশি কিছু থাকছে এই ম্যাচে। এই দুই দলের মূল লক্ষ্যই হচ্ছে বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাইয়ের খেলা। সেখানে ভালো করার জন্য প্রীতি ম্যাচে নামছে আফগানিস্তান এবং বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বিকাল ৪টায়।