সিরাজগঞ্জে যুবদল নেতাকে জবাই করে হত্যা

 
সিরাজগঞ্জের শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিজ বাসায় এ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি।
 
হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তার পরিবার বা পুলিশ কেউ কিছু জানাতে পারেনি। নিহত সুজন মিরপুর হাজীপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে।
 
পরিবারের সদস্যরা জানায়, সোমবার দুপুরে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন সুজন। পরে রাত নয়টার দিকে সুজনের ঘর থেকে রক্ত বেয়ে বাইরে আসলে পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে দেখেন; কে বা কারা তার গলা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং জবাই করে পালিয়ে গেছে। মুমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
 
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।