কুমিল্লায় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন রানা (২৩) নামে এক যুবক। মঙ্গলবার সকালে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে নগরীর কাঁটাবিল এলাকায় এ হামলার শিকার হন তিনি।
নিহত রানা সুজানগরের আবদুল জলিলের ছেলে। তিনি হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি মামলায় হাজিরা দেয়ার উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হন রানা। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ধরে নিয়ে কাঁটাবিল এলাকায় গাঙ্গুলী মাঠের সামনে গুলি করে হত্যা করে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, লাশ কাঁটাবিল এলাকার একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তার মাথায় রক্তাক্ত জখম ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে গুলির চিহ্ন আছে কি-না ময়নাতদন্তের পর জানা যাবে।