পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক জানিয়েছেন, বাংলাদেশিরা স্বেচ্ছায় নয়, জোরপূর্বক পাচারের শিকার হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সাগরে উদ্ধার হওয়া বাংলাদেশিদের ব্যাপারে তিনি এ তথ্য জানান।
মঙ্গলবার সাংবাদিকদের কাছে সাগর পথে বাংলাদেশিদের পাচারের ধরন ব্যাখ্যা করতে ইংরেজি ভাষায় মানবপাচারের ক্ষেত্রে প্রচলিত ‘স্মাগলিং’ ও ‘ট্রাফিকিং’ শব্দ দুইটির ব্যাখ্যা করেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, সাধারণভাবে কারও স্বেচ্ছায় পাচার হওয়াকে ‘স্মাগলিং’ বলা হয়। অন্যদিকে ‘ট্রাফিকিং’ শব্দটির সঙ্গে অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই বলপ্রয়োগ, প্রতারণা ও নির্যাতনের উপাদান থাকতে হবে।
IMG0
এশিয়ার অভিবাসন সঙ্কট নিয়ে শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত আন্তঃদেশীয় বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং হয়।