নড়াইলে ১০ দিনব্যাপী সুলতান মেলা শুরু

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ১০দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে। রবিবার বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের 'সুলতান মঞ্চ' চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

নড়াইলের জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সুলতান মঞ্চে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার  লোকমান হোসেন মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ আসাদ উজ জামান মুন্সি, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ দিনব্যাপী সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, গ্রামীন খেলাধুলা (লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেস, দড়ি টানাটানি, ভ্যান গাড়ি দৌড়, গরু দৌড়) স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া নড়াইলের বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের জীবন ও কর্মের ওপর প্রতিদিন সেমিনার ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

এবারের সুলতান মেলায় স্থানীয় ৩৭টি সাংস্কৃতিক সংগঠন এবং জাতীয় পর্যায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এ মেলাকে কেন্দ্র করে প্রায় দুই শতাধিক দোকানি মেলা প্রাঙ্গনে তাদের বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের নাগরদোলা ও  ট্রেন স্থাপন করা হয়েছে।

এসএম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছর এ মেলা হয়ে থাকে। এ মেলা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে সুলতান প্রেমীরা নড়াইলে আসেন।

আরও পড়ুনঃ চট্টগ্রামে সাড়ে ১১ কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার ২

১৯২৪ সালের ১০ আগষ্ট গুণী এই শিল্পী পৌরসভার মাছিমদিয়া গ্রামে রাজমিস্ত্রি পরিবারে জন্মগ্রহন করেন। চিরকুমার বরেণ্য এই শিল্পী স্বাধীনতা ও একুশে পদকসহ দেশী-বিদেশী অসংখ্য সম্মাননা এবং পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর বরেণ্য এই শিল্পী মৃত্যুবরণ করেন। শহরের কুড়িগ্রামে সুলতান কমপ্লেক্স চত্বরে তিনি শায়িত রয়েছেন।

ইত্তেফাক/নূহু