পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ফিফার সভাপতি সেপ ব্লাটার। গতকাল এই ঘোষণা দিয়ে যত দ্রুত সম্ভব নতুন সভাপতি নির্বাচনের জন্য বিশেষ ফিফা কংগ্রেস ডেকেছেন ব্লাটার।
১৭ বছর ধরে ফিফার সভাপতি থাকা ব্লাটারের বিরুদ্ধেও নানা দুর্নীতির গুঞ্জন রয়েছে। এই নিয়ে বিশ্বজুড়ে যখন বিতর্ক চলছে তখন গত সপ্তাহে তিনি পুনরায় পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হন। এরপর এক সপ্তাহ না যেতে পদত্যাগের ঘোষণা দিলেন ব্লাটার। পদত্যাগ ঘোষণার সময় এক বিবৃতিতে ব্লাটার বলেন, “আমি ফিফা এবং এর স্বার্থগুলোর সঙ্গে খুব ভালোভাবে জড়িত। এগুলো আমার খুব কাছের। এ জন্যই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।”
সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ফিফায় দুর্নীতি নিয়ে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনে। তাদের অনুরোধে গত বুধবার খুব ভোরে সুইজারল্যান্ডের জুরিখের একটি হোটেলে অভিযান চালিয়ে ফিফার সাত কর্মকর্তাকে ঘুষ নেওয়ার সন্দেহে, দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নির্বাচনের মাত্র দুই দিন আগে গ্রেপ্তার করে সুইস পুলিশ।
এই গ্রেপ্তার ঘটনার কয়েক ঘণ্টা পর সুইস কর্তৃপক্ষ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করে। সুইস ফেডারেল অফিস অব জাস্টিস জানায়, ওই কর্মকর্তারা নব্বইয়ের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় ১০ কোটি ডলার ঘুষ হিসেবে নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
গত মঙ্গলবার নতুন এক অভিযোগে দাবি করা হয়, ২০১০ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা নিয়ে ফিফার মহাসচিব জেরোমে ভালকে ১ কোটি ডলার ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি মিশেল প্লাতিনি আগেই ব্লাটারকে নির্বাচনে না দাঁড়াতে অনুরোধ করেছিলেন। ব্লাটার সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সাবেক এই ফুটবল তারকা বলেন, “এটা কঠিন একটা সিদ্ধান্ত ছিল, একটা সাহসী সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত।”