গাজীপুরে সংঘর্ষে আহত ৭

 
গাজীপুরে ডিশ ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বরুদা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- আলী হোসেন (৩৫), আমজাদ হোসেন (৩০), আলী আকবর (৩২), আরিফ (২৫), পলাশ (৩০), রাকিব (২৫) ও সাহেদ (২০)।
 
স্থানীয়রা এবং আহতরা জানান, গাজীপুর মহানগরীর বরুদা ও আশপাশ এলাকায় দীর্ঘদিন আলী হোসেন ডিশ ব্যবসা করে আসছেন। বরুদা উত্তপাড়ার অংশের ডিশ ব্যবসা নিয়ে সম্প্রতি ছাত্রলীগ নেতা মাসুমের সাথে দ্বন্দ্ব বাধে। এর জেরে সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আলী হোসেন পক্ষের আলী হোসেন, আমজাদ ও আলী আকবর ও আরিফ হোসেন এবং মাসুম পক্ষের পলাশ, রাকিব ও শাহেদ আহত হন।
 
আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিত্সক আলী হোসেন ও সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বাকিদের ঐ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জয়দেবপুর থানার এএসআই ওয়াসিম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।