জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে ওই শিশু গরু খুঁজতে ইউনিয়নের মাশাউড়া গ্রামের পাশ্ববর্তী চাউরখোলা গ্রামের মাঠে যায়। এ সময় এ গ্রামের কাল্লু মিয়া, আনোয়ার হোসেন (১৮), সুজন মিয়া (২৩), উজ্জল মিয়া (২৪) ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে মাঠের পাশে নির্জন জায়াগায় নিয়ে যায়। সেখানে কাল্লু ওই শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানালে রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেলে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। অবশ্য এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে কাল্লুসহ চারজনকে আসাসি করে মামলা করেছে।