স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন—স্বচ্ছতার সাথে কাজ করে সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক অগ্রগতি সাধিত করেছে। বাংলাদেশ এখন পোলিও মুক্ত। ম্যালেরিয়া, যক্ষ্মাও নির্মূলের পথে। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা অনেক। তারা সরকারের সাথে সমন্বিত কর্মসূচি নিয়ে এগিয়ে আসলে আরো কার্যকরি উদ্যোগ নেওয়া সম্ভব।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেশন মেকানিজমের ওয়েবসাইট উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার গত ছয় বছরে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে, যার সুফল ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। কিছু দুর্গম অঞ্চল ছাড়া বাংলাদেশে ম্যালেরিয়ার প্রকোপ এখন নেই বললেই চলে। যক্ষ্মার মতো মরণব্যাধির হাত থেকেও বাংলাদেশ অনেকটাই মুক্ত। এ সব ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় সরকার আরো কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন—আমাদের শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাসসহ ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিকগুলোর সাফল্য আজ বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসা কুড়াচ্ছে। তিনি বাংলাদেশের স্বাস্থ্যখাতের সূচকগুলোকে আরো ঊর্দ্ধমুখী করতে গ্লোবাল ফান্ডের সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।