স্ত্রীর কাছে টাকা না পেয়ে ছেলেকে আছড়ে মারলেন বাবা

স্ত্রীর কাছে টাকা না পেয়ে নিজের ১৮ মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে নরসিংদীর মাধবদীর সৈকাদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আলিফ। আর তার বাবা হলেন এমরান।

পুলিশ ও তার শ্বশুর বাড়ির লোকজন জানায়, ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের আব্দুস সালামের ছেলে এমরানের সঙ্গে ৫ বছর আগে ফেরদৌসী বেগমের বিয়ে হয়।বিয়ের কিছু দিন যেতে না যেতেই তাদের সংসারে কলহ দেখা দেয়। এভাবেই তিন বছর ধরে চলছিল তাদের সংসার। পরে ফেরদৌসী তার শ্বশুর বাড়ি টিকতে না পেরে চলে আসেন বাবার বাড়ি সৈকাদীতে। দুবছর ধরে সেখানেই থাকছেন তিনি।

শনিবার রাতে এমরান তার শ্বশুর বাড়িতে আসেন। রবিবার সকালে স্ত্রী ফেরদৌসীর কাছে টাকা চান তিনি। কিন্তু স্বামীকে টাকা না দিয়ে কর্মস্থলে চলে যান ফেরদৌসী। টাকা না পেয়ে ক্ষোভে শিশু আলিফকে মাথায় তুলে আছড়ে ফেলে দেন এমরান। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

শিশুটিকে বাঁচাতে এমরানের শাশুড়ি রাশিদা বেগম ছুটে আসলে তাকে ও ছুড়ি দিয়ে আঘাত করেন তিনি। শাশুড়ির কান্না শুনে আশে পাশের বাড়ির লোকজন ছুটে এসে এমরানকে ধরে ফেলে। আর শাশুড়ি রাশিদা বেগমকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এমরানকে আটক করা হয়েছে। শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ