দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল যুবকের

রাজধানীর কাওরানবাজারে যাত্রীবাহী দুইটি বাস পাল্লা দিতে গিয়ে সংঘর্ষে এক জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে কাওরান বাজার আন্ডারপাসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
 
যাত্রাবাড়ী-গাবতলী রুটের দুইটি বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে প্রতিযোগিতা হয়। কারওয়ানবাজার সিগন্যাল অতিক্রম করার পরপরই দুরন্ত গতিতে ছুটছিল বাস দুইটি । দুই চালকেরই লক্ষ্য আগে ফার্মগেটে পৌঁছানো। যে আগে পৌঁছাতে পারবে সে বেশি যাত্রী পাবে। কিন্তু কাওরান বাজার আন্ডারপাস পার হওয়ার পর বাসে বাসে ধাক্কা লেগে উল্টে যায় একটি। বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায় এক যুবক। আহতদের মধ্যে এক শিশুসহ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো জ-১১-১৩৬৪ ও ঢাকা মেট্রো জ-১৪-১৪৮০ নম্বরের দুটি বাসই গাবতলী-যাত্রাবাড়ী রুটে চলাচল করে। বিকালের দিকে বাস দুটি গাবতলীর দিকে যাচ্ছিল।
 
আহত বাস যাত্রী মালেক জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড় থেকে তিনিসহ তার পরিবারের ৫ সদস্য গাবতলীগামী একটি বাসে ওঠেন। ঐ সময় বাসের পিছনে আরো একটি একই রুটের বাস ছিল। সার্কফোয়ার মোড় অতিক্রম করার পর পাল্লাপাল্লি করে ছুটতে গিয়ে সামনে থাকা বাসটি একটু ডানে চাপায়। এতে পেছনের বাসটি সেটিকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা বাসটি আইল্যান্ডের ল্যাম্পপোস্ট ভেঙ্গে উল্টে পড়ে রাস্তায়। ঐসময় পিছনের বাসটি সজোরে ধাক্কা দেয় উল্টে যাওয়া বাসটিকে। এতে ঘটনাস্থলেই মারা যায় এক যুবক। 
নিহত যুবকের পরিচয় পুলিশ নিশ্চিত করতে না পারলেও প্রত্যক্ষদর্শীরা অনেকেই বলছেন, নিহত যুবক বাসের হেলপার। এ ঘটনায় আহত হয় ১০ জন। এর মধ্যে পারুল বেগম (৩০), তার তিন বছর বয়সী সন্তান আশফাক, ইব্রাহীম নোমান (৩০) ও আব্দুল আউয়াল পাটোয়ারীকে (৫৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
বাসের যাত্রী জয় নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান, দুটি বাসই দ্রুত গতিতে বাস চালাচ্ছিল। তিনি পেছনের বাসে ছিলেন। সামনের বাসটি ডানে চাপিয়ে সাইড দিচ্ছিল না। আর তার বাসটিও মরিয়া হয়ে অতিক্রম করার চেষ্টা করছিল। এতেই দুই বাসে ধাক্কা লাগে। সামনের বাসটি উল্টে যায়। জয় জানান, দুটি বাস ভর্তি যাত্রী ছিল। অনেকেই হালকা আঘাত পাওয়ায় নিজ নিজ বাসায় চলে যান।
 
দুর্ঘটনার পরপরই আশেপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে। এসময় রাস্তায় একদিকে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। আধ ঘণ্টা পর পুলিশের একটি রেকার দিয়ে বাস দুটি উদ্ধার করা হয়।
 
এদিকে বিমানবন্দর থানা পুলিশ জানায়, ভোর রাত ৩টার দিকে বিমানবন্দর সড়কের বলাকা ভবনের পাশে একটি কার্গো মেহেদী হাসান নয়ন নামে মোটরসাইকেল আরোহী এক যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ৩৭ বছর বয়সী নয়ন ‘দৈনিক অনুসন্ধান’ নামে একটি পত্রিকার ফটোগ্রাফার ছিলেন। তার বাসা মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায়।
 
খিলক্ষেত থানা পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে খিলক্ষেত মেরিডিয়াস হাসপাতালের সামনে একটি প্রাইভেটকার দুটি ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ে একজন ঠেলাগাড়ি চালক মারা যান। একই ঘটনায়  হাবিব মৃধা নামে একজন ঠেলা চালক আহত হয়েছেন। 
রমনা থানা পুলিশ জানায়, বিকালে পশ্চিম হাজীপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. সুলতান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় দায়ী তুরাগ পরিবহনের বাসটি আটক করা হয়েছে।
 
ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু : মঙ্গলবার সকালে উত্তরার আজমপুর রেললাইনে মহুয়া এক্সপ্রেস নামের একটি লোকাল ট্রেনের ধাক্কায় শাহীন কাদির (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ছিলেন।
 
ঢাকা রেলওয়ে থানার আলী আকবর জানান, নিহত শাহিন কাদিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। তবে তিনি সিলেটের বিয়ানিবাজারে উত্তরা ব্যাংকে চাকরি করতেন। তার কাছে থাকা কাগজপত্র দেখে স্বজনদের খবর দেয়া হয়েছে।