‘ডাবল ডিজিট সুদহার ব্যবসায়ীদের জন্য সহনীয় নয়’

 
 
 
 
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহম্মদ বলেছেন, ‘ব্যাংক ঋণ সুদহার ৯ শতাংশ করা ব্যবসায়ীদের জন্য একটি চ্যালেঞ্জ। ব্যাংকের ডাবল ডিজিট সুদহার ব্যবসায়ীদের জন্য আর সহনীয় নয় তাই সুদহার ৯ শতাংশ করা সম্ভব।’ এ সময় তিনি ভারতের সাথে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বহু টাকা আয় হবে বলেও উল্লেখ করেন।
 
বুধবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ সব কথা বলেন।
 
এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি দ্বিগুণ করার বিষয়ে এফবিসিসিআই কাজ করবে।’ এসময় তিনি রপ্তানি পণ্যের উত্পাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
 
আব্দুল মাতলুব আহম্মদ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে যেসর ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানানো হবে।’
 
এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘ভারতের ব্র্যান্ডের কোম্পানিগুলোকে আমরা এখানে শিল্প স্থাপন করার আহ্বান জানাব। ওই শিল্পে তাদের উত্পাদিত পণ্য এখানে ও ভারতে মার্কেটিং করার দাবি জানাব। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বিশ্বাস স্থাপিত হয়েছে, তাতে ব্যবসায়িক দিক থেকে দুই দেশই লাভবান হবে।’
 
আব্দুল মাতলুব আহম্মদ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্টসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
বিকালে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে টুঙ্গিপাড়া মধুমতি পর্যটন মোটেলে এফবিসিসিআই সভাপতি, সহসভাপতি ও পরিচালকদের সংবর্ধনা প্রদান করা হয়।
 
গোপালগঞ্জ  চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট কাজী জিন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহম্মদ ছাড়াও সিনিয়র সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক শেখ ফজলে ফাহিম, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।