অনুশীলনের সময় বাম হাতের তর্জনীতে চোট পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার এই চোটের কারণে আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় চোট পান মাহমুদুল্লাহ। তার আঙুলে চিড় ধরেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা করার জন্য মাহমুদুল্লাহকে হাসপাতালে নেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজেদুল বলেছেন, স্ক্যানে ফ্র্যাকচার ধরা পড়লে মাহমুদুল্লাহকে তিন-চার সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে।
এর আগে আজ সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান মাশরাফি বিন মুর্তজা। এতে দুই হাতে ব্যথা পান মাশরাফি। তাকে নিয়ে খুব একটা আশঙ্কা না করলেও ভালোভাবে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে বিসিবির এক কর্মকর্তা।