জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে মেঘনা নদী সংযুক্ত একটি খালে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
জানা গেছে, বুধবার বিকেল তিনটার দিকে মেঘনায় কদমীরচর গ্রামের ছাত্তারের বালুমহলে ব্যবহৃত একটি স্পিডবোট ওই খাল দিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামের জসিমউদ্দীনের ছেলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সুমন খালে গোসল করছিল। স্পিডবোটের পাখার আঘাতে সুমনের মাথা ক্ষত বিক্ষত হয়ে গেলে তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে সুমন মারা যায়।
এ ঘটনায় সুমনের চাচা হক মোল্লা বাদী হয়ে স্পিডবোটের মালিককে আসামি করে একটি মামলা করেছেন।