অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধ করার আহ্বান জানিয়েছে অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর জোট এনএএমআরবি। এ জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেয়ার পাশাপাশি সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছে সংগঠনের নেতারা। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত জাতীয় কর্মশালা থেকে এই আহ্বান জানানো হয়। এনএএমআরবি (ন্যাশনাল অ্যালায়েন্স ফর মাইগ্রেন্টস রাইটস বাংলাদেশ) এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি স্টিনা লুংডেল বলেন, ‘সমুদ্রপথে মানব পাচার বিশাল বাণিজ্য। সমস্যা সমাধানে প্রত্যেক দেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে কাজ করতে হবে। তবে কেন লোকজন এভাবে বিদেশে যাচ্ছে, সেটিও খুঁজে বের করা দরকার। সে ক্ষেত্রে মিয়ানমারের রোহিঙ্গাদের কারণ এক রকম, বাংলাদেশিদের আরেক রকম। কাজেই সেভাবেই সমাধান বের করতে হবে।’
তিনি বলেন, ‘মালয়েশিয়া অবৈধভাবে যাওয়া লোকদের কাজ দিচ্ছে। কারণ, তারা সস্তায় শ্রম পাচ্ছে। আবার শ্রমিকের অধিকারও দিতে হচ্ছে না। অবৈধ এই শ্রম ও দাসত্বের চক্র বন্ধ করতে হবে।’
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেন, ‘স্বেচ্ছায় কিছু লোক গেলেও বেশির ভাগকেই প্রতারণা করে কিংবা জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। অসহায় আমাদের নাগরিকদের বাঁচাতে হবে। দ্রুত তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে হবে। আন্তর্জাতিক বিশ্বকে সে দিকেও নজর দিতে হবে।’
অভিবাসী-বিষয়ক এশিয়ার বেসরকারি সংস্থাগুলোর জোট কারাম এশিয়ার আঞ্চলিক সমন্বয়ক হারুন আল রশিদ বাংলাদেশের সবাইকে উদ্দেশ করে বলেন, ‘একবার ভাবুন মৃত মানুষগুলোর কথা। সাগরে ভেসে থাকা কিংবা কোনো ক্যাম্পে আটক মানুষগুলোর কথা। তাহলেই তাদের কষ্ট অনুভব করতে পারবেন।’
তিনি বলেন, ‘আমরা বেসরকারি সংস্থার লোকজন যখন কথা বলি তখন সরকারের প্রতিনিধিরা থাকেন না। আবার তাদের বৈঠকেও আমাদের ডাকা হয় না। অথচ একসঙ্গে কাজ করেই সমাধান করতে হবে। পাচার প্রতিরোধে এক মন্ত্রণালয় আরেকটিকে দোষারোপ না করে সমন্বিতভাবে কাজ করতে হবে। বেসরকারি সংস্থাগুলোকেও সঙ্গে নিতে হবে।’
এ ছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মোকাব্বির হোসেন, অনুষ্ঠানে ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ, বেসরকারি সংস্থা ওয়ারবির চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক, ব্র্যাকের কর্মসূচি প্রধান হাসান ইমাম ও মানুষের জন্য ফাউন্ডেশনের সারোয়াত বিনতে ইসলামসহ বিভিন্ন দেশি ও বিদেশি সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় বক্তব্য দেন।