সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে ঢাকা প্রস্তুত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৩ ঘণ্টার সফরে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন। তার সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা। এদিকে নরেন্দ্র মোদীর নিরাপত্তা ও প্রটোকলের দায়িত্বপ্রাপ্ত অগ্রবর্তী টিম সোমবার ঢাকা পৌঁছেছে। এ টিমের সদস্যরা ভিভিআইপির নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশের আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা এবং প্রটোকলের দায়িত্বে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সমন্বয়ের ভিত্তিতেই তারা কাজ করবেন বলে জানা গেছে। এর আগে ভারতের আরো একটি অগ্রবর্তী টিম ঢাকায় এসেছে। এই দলটি নরেন্দ্র মোদী যেখানে থাকবেন এবং কর্মসূচি অনুযায়ী যেসব স্থানে যাবেন, সেসব এলাকা ঘুরে দেখেছে।

 
সূত্র জানায়, শনিবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় আসবেন নরেন্দ্র মোদী। তার এই সফর উপলক্ষে গত দুই সপ্তাহ ধরে কাজ করছে আইন-শৃংখলা বাহিনীগুলো। সফরকালে নরেন্দ্র মোদী অবস্থান করবেন রাজধানীর সোনারগাঁও হোটেলে। এর আগে ২০১১ সালে এই হোটেলে ছিলেন ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার (ক্রাইম) মীর রেজাউল করিম বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে নিরাপত্তার ধরন সম্পর্কে তিনি কোন মন্তব্য করেননি। মোদীর সফর উপলক্ষে রাজধানীর কোন এলাকার যান চলাচল বন্ধ রাখা হবে কীনা-এমন প্রশ্নের জবাবে ডিএমপির একজন কর্মকর্তা বলেন, নির্দিষ্ট করে কোন সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে না। তবে ভারতের প্রধানমন্ত্রী যে সড়ক দিয়ে চলাচল করবেন সেখানে অল্প সময়ের জন্য যান চলাচলে একটু কড়াকড়ি আরোপ করা হবে।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, নরেন্দ্র মোদীর সফরের জন্য পুরোপুরি প্রস্তুত ঢাকা। সফরসূচি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। তার সফরকালে যাতে কোনো ধরনের বিশৃংখলা না ঘটে সেজন্য সব গোয়েন্দা সংস্থার  প্রতিবেদনের ওপর ভিত্তি করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সংশ্লিষ্ট ভেন্যুগুলোতে থাকবে বোমা নিষ্ক্রিয়কারী টিম। আশপাশে থাকবে প্রয়োজনীয় সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য। র্যাবের মোবাইল টিম ছাড়াও মোটর সাইকেলে থাকবে প্যাট্রোল টিম। এছাড়া প্রস্তুত থাকবে র্যাবের হেলিকপ্টার।
 
র্যাবসূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত হবার পর থেকেই র্যাব নিরাপত্তা নিয়ে কাজ শুরু করেছে। র্যাবের ডগ স্কোয়াড সোনারগাঁও ও রেডিসন হোটেলে মোতায়েন থাকবে। ভারতের প্রধানমন্ত্রী যে এলাকায় যাবেন ও অবস্থান করবেন, ঐসব এলাকায় র্যাব সদস্য মোতায়েন থাকবে।  
 

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ঢাকায় আসছেন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, আসামের মুখ্যমন্ত্রী তরুন গগৈ ও মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানওয়ালাসহ অন্য সিনিয়র কর্মকর্তারা।