সরকারি চাকরিজীবীদের ভাতা, বোনাসের উপর কর

সরকারি কর্মকর্তা কর্মচারিদের মূল বেতন ছাড়া অন্যান্য ভাতায় কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বাজেট প্রস্তাবনায় তিনি বলেন, বিদ্যমান আইনে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের মূল বেতন ব্যতীত অন্যান্য ভাতাদি করমুক্ত রয়েছে। এটিকে ‘বৈষম্যমূলক’ উল্লেখ করেন তিনি। বাজেট বক্তৃতায় এ বৈষম্য দূর করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস ও উত্সব ভাতার উপর একই নিয়মে কর আরোপের প্রস্তাব করেন তিনি।

 
এদিকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন-স্কেলের বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে বেতন ও চাকুরি কমিশন গঠন করা হয়েছিল। আগামী ১ জুলাই থেকে এটি বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। তিনি আশাপ্রকাশ করে বলেন, সরকারের গৃহীত পদক্ষেপসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে স্বস্তি এনে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। বর্তমানে দেশে ৫ লক্ষাধিক অবসরপ্রাপ্ত চাকরিজীবী পেনশন ভোগ করছেন। এবিপুল সংখ্যক পেনশনভোগীদের পেনশন কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা ফান্ড নেই,। অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যতে সরকারি ব্যয় ব্যবস্থাপনার জন্য একটি পেনশন তহবিল ও ‘পেনশন ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করবো। প্রাথমিকভাবে এ কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট পরিমাণ ফান্ড প্রদান করা হবে। এ ফান্ড হতে পেনশন প্রদানের পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে পেনশনভোগীদের জন্য কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি বাজেট বক্তৃতায় উল্লেখ করেন।