এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলা শুরু ১০ জুন

নবমবারের মতো ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলা। ঢাকাস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা কুড়িলে আগামী ১০ জুন বেলা ১১টায় মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। এবছর মেলার পাশাপাশি লোকজ উত্সবেরও আয়োজন করছে আয়োজকরা। কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিস লিঃ, ইউএসএ এবং সেমস বাংলাদেশ যৌথভাবে আয়োজন করছে ৫ দিনব্যাপী এই মেলা।

 
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেলার বিস্তারিত তুলে ধরেন সেমস বাংলাদেশের সিনিয়র ম্যানেজার আবু নাঈম মোহাম্মদ শরিফ। এসময় আরও উপস্থিত ছিলেন সেমস বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও প্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহরুন এন ইসলাম এবং জেনারেল ম্যানেজার লুত্ফর রহমান।
 

সাংবাদিক সম্মেলনে জানান হয় বাংলাদেশের ৮০টি প্রতিষ্ঠানের সাথে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান, মালয়েশিয়া, ভিয়েতনাম এই ১০ দেশের শতাধিক প্রতিষ্ঠান এবছর মেলার অংশগ্রহণ করছে। বাংলাদেশের পর সর্বাধিক স্টল থাকবে ভারতের আর ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি। মেলা চলবে ১৪ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ত্রিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে যে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন।