করণের ছবিতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অনেক তারকা। অনেকে আবার তারকা হয়েছেন এই করণের চলচ্চিত্র দিয়েই। তবে এখন পর্যন্ত করণের কোনো ছবিতে দেখা যায়নি বলিউডের বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়কে। তবে এর আগে কয়েকবারই ঐশ্বরিয়াকে নিয়ে ছবির ঘোষণা দেন করণ। কিন্তু শেষ পর্যন্ত খবরের শিরোনাম ঘুরে যেত।
করণ জোহরের ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে ঐশ্বরিয়া রায় বচ্চন প্রথম পছন্দে ছিলেন। কিন্তু নানা ব্যস্ততার কারণে পরে সিনেমাটি করা আর সম্ভব হয়নি অ্যাশের। ঐশ্বরিয়া বলেন, ‘করণ যতবারই আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চেয়েছেন ততোবারই আমার কোনো না কোনো সমস্যা ছিল। এখানে করণের বা আমার কোনো দোষ নেই। কারণ এই সিনেমাগুলো ফিরিয়ে দেয়ার কারণ ছিল তার শিডিউলের ব্যস্ততা। আমিও চাইতাম করণের সাথে কাজ করতে। আমার সমসাময়িক অনেকেরই তার সাথে কাজের অভিজ্ঞতা আছে। এছাড়া করণের কাজও আমার অনেক ভালো লাগে।’ তবে এবার করণের ‘এ দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করবেন ঐশ্বরিয়া রায় বচ্চন। দীর্ঘ অপেক্ষার পর ঐশ্বরিয়াকে দেখা যাবে করণের ছবিতে।
এ প্রসঙ্গে করণ বলেন, ‘ঐশ্বরিয়ার সাথে আমার ব্যাটে-বলে মেলেনি কখনও। কিন্তু এবার প্রায় সবকিছুই ঠিক আছে। কোনো ছবিতে কাজ না করলেও ঐশ্বরিয়ার সাথে আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক অনেক আগে থেকেই আছে।’