সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। তারা শুক্রবার রাতে পাবনার সাথীয়া উপজেলার রাজাপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতি করেছে। গ্রেফতারের সময় তাদের সঙ্গে থাকা আরো কয়েকজন পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার ডাকাতেরা হলো, শাহজাদপুর উপজেলার কুরশি গ্রামের সোনা উল্লার ছেলে সবুজ উল্লাহ(৩৫), ছোট চাঁনতারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে পাষাণ (৩০), চৌহালির শৈলজানার চরের আব্দুল হাইয়ের ছেলে নুর ইসলাম ওরফে গ্যাদন (৪৫), মৃত হাতেম আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৫), টাঙ্গাইল দেলদুয়ার থানার দক্ষিন পাড়ার ফিরোজ মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩০), মানিকগঞ্জ দৌলতপুর থানার খালিশাডহরা গ্রামের লাল মিয়ার ছেলে ইমারত আলী চুক্কা (৩৮), মৃত আঞ্জু শেখের ছেলে এলাহী ইমন (৪০), মৃত আব্দুল আজিজের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ মিয়া (৪০), মৃত কুদ্দুস আলীর ছেলে রোস্তম আলী (৪৫)।
জানা গেছে, শনিবার রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছেন। তখন গোলাম কিবরিয়ার নেতৃত্বে ওসি তদন্ত রাকিবুল হুদা সংগীয় পুলিশ ফোর্স পৌর সদরের দ্বাবারিয়া মহাসড়ক এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কার, একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি সিধল কাঠি, ২টি চাইনিজ কুড়াল, স্বর্ণের গহনা এবং ডাকাতির মালামালসহ ৯ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় এরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
আরও পড়ুনঃ মিরপুরে রেলওয়ে স্টেশন পুনরায় চালুকরণের দাবিতে মানববন্ধন
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া আরো জানান, ‘এরা সবাই আন্তঃদেশীয় ডাকাত দলের সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ২টি পৃথক মামলা দায়ের হয়েছে।’
ইত্তেফাক/নূহু