গাজীপুরে ট্রাক চালককে মারধর: প্রতিবাদে সড়ক অবরোধ, ভাংচুর



গাজীপুরের চেরাগআলী এলাকায় এক ট্রাক চালককে মারধর ও নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর করেছে পরিবহন শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হন।

পুলিশ জানায়, চেরাগআলী এলাকায় ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে স্থানীয় ‍এক ব্যক্তি এক ট্রাক চালককে মারধর করেন। এ ঘটনায় দায়ীদের বিচার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা। এক পর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে। এ সময় ভাংচুর করা হয় অন্তত ১৫টি যানবাহন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের হটিয়ে দিতে গেলে তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক থেকে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।