টানা পাঁচ মাস আত্মগোপন থাকার পর উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে প্রকাশ্যে আসলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তবে একটি মামলায় জামিন না হওয়ায় সদ্য সাময়িকভাবে বরখাস্ত হওয়া রাজশাহী সিটি করপোরেশন মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এখনো আত্মগোপনে রয়েছেন।
শুক্রবার সকালে মিজানুর ও মিলন সকালে দলীয় কার্যালয়ে এবং বাদ জুম্মা নগরীর বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
দলীয় সূত্রগুলো বলছে, গত ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ শুরুর পর গ্রেফতার এড়াতে ১২ জানুয়ারি তারা আত্মগোপনে চলে যান। এরপর তাদের আর প্রকাশ্যে দেখা যায়নি। উচ্চ আদালত থেকে গত রবিবার আগাম জামিন পান মিজানুর রহমান মিনু ও শফিকুল হক মিলন। গত মঙ্গলবার রাতে রাজশাহীতে ফেরেন বলে সাংবাদিকদের জানান তারা।