ছাত্রলীগের কেউ বিলবোর্ড লাগালে ব্যবস্থা : সোহাগ

 
 
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ ঢাকাসহ দেশের কোথাও অবৈধভাবে বিলবোর্ড দখল করে ব্যানার না লাগাতে ছাত্রলীগের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন।
 
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সোহাগ এ নির্দেশ দেন।
 
বদিউজ্জামান সোহাগ বলেন, সংগঠনের নির্দেশ উপেক্ষা করে কেউ যদি দেশের কোথাও অবৈধভাবে বিলবোর্ড দখল করে ব্যানার লাগায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া আগামী ১২ জুনের মধ্যে রাজধানীর সকল স্থান থেকে ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলতে ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি বলেন, সারাদেশে কোথাও যদি কোনো ছাত্রলীগ নেতা, কর্মী, সমর্থক বিলবোর্ড ব্যবহার করেন তাহলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠিক ব্যবস্থা নেয়া হবে।
 
মহানগর ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সম্মেলন উপলক্ষে লাগানো বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পোস্টার এক সপ্তাহের মধ্যে অপসারণ করতে হবে। আগামী ১২ জুনের পর রাজধানীর কোথাও ব্যানার, ফেস্টুন, পোস্টার দেখা গেলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
 
সংবাদ সম্মেলনে ছিলেন সংগঠনটির সহ-সভাপতি জয়দেব নন্দী, সংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দফতর সম্পাদক শেখ রাসেল, নব নিযুক্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বায়োজিদ আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।