বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, এটা ভুয়া সরকারের ভুয়া বাজেট।এ বাজেটে দারিদ্র্য বিমোচনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার নেই। ফলে আজ কার বাজেট কে দেয়। যারা বাজেট দিয়েছে,তাদের কি জনগণের প্রতিনিধিত্ব আছে? দেড় বছর আগে তারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের বাজেট ঘোষণার অধিকার নেই।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জিয়াউর রহমানের মৃত্যুবাষির্কী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম দল।
সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী,বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাত্, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান প্রমুখ।