‘২ বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে আইটি-ভিত্তিক’

 
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা দিন-রাত পরিশ্রম করে চলেছি। আমাদের লক্ষ্য হচ্ছে—২০১৮ সালের মধ্যভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে সম্পূর্ণ সেশনজটমুক্ত এবং এখন থেকে পরবর্তী দুই বছরের মধ্যে এটি হবে সম্পূর্ণ আইটি-ভিত্তিক বিশ্ববিদ্যালয়।’
 
শুক্রবার ঢাকা সিটি কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের এক নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘ঢাকা সিটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের মধ্যে শীর্ষস্থানীয় একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে ভর্তি হতে পারা অনেক গৌরবের। এ কলেজের শিক্ষার্থীদের বিশ্বমানের গ্রাজুয়েট হয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে হবে।’
 
কলেজ গভার্নিং বডির চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মো. শাজাহান খান বক্তব্য দেন।