শর্ত সাপেক্ষে সালাহউদ্দিনের জামিন

ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে বন্দী অবস্থায় চিকিত্সাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। গতকাল শুক্রবার বিকালে শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করে মেঘালয় জজ কোর্ট।

 
দুইটি শর্তে সালাহউদ্দিনকে জামিন দেয়া হয়। শর্তের মধ্যে রয়েছে ইস্ট খাসিহিল জেলা ত্যাগ না করা এবং প্রতি সপ্তাহে স্থানীয় এসপির কাছে হাজিরা দিতে হবে। ইস্ট খাসিহিল জেলার নগর পুলিশ সুপার বিবেক সিয়াম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। গত ৩ জুন স্থানীয় পুলিশ তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল করে।
 

প্রসঙ্গত, গত ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়। ৬৩ দিন পর ১১ মে শিলংয়ের গলফ লিংক এলাকায় হাত-পা-চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে যায় অপহরণকারীরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৯৪৬ সালের বিদেশ আইনের ১৪ নম্বর ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যেই তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখে পুলিশ।