শ্রী নরেন্দ্র মোদী। মোদী নামেই বিশ্বজুড়ে সমধিক পরিচিতি তার। তিনি প্রথমবারের মতো পা রাখছেন ঢাকায়। ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ কথা বলাই বাহুল্য যে, একজন সারা ভারতের প্রধানমন্ত্রী, আরেকজন বাংলাদেশ ঘেঁষা ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তারা দুজনেই এখন ঢাকায়। এসেছেন সরকারি সফরে। আর এ সফর স্মরণীয় করে রাখতেই ঢাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
দেশের এই দুই অকৃত্রিম বন্ধুকে বরণ করে নিতে হযরত শাহজালাল বিমান বন্দর থেকে শুরু করে সোনারগাঁও হোটেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ‘গণভবন’, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন, বারিধারা ভারতীয় চ্যান্সেরী নতুন ভবন ইত্যাদি জায়গা ঘিরে সড়কের মাঝ বরাবর, কোথাও কোথাও সড়কের দুই পাশ বর্ণিল সাজে সাজানো হয়েছে। সেখানে শোভা পাচ্ছে দুই দেশের জাতীয় পতাকা, নানা ছন্দে লেখা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন। এই সাজ-সজ্জায় বাড়তি মাত্রা দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে টানানো তিন নেতার আলোকচিত্র। রয়েছে নরেন্দ্র মোদীর নানা ভঙ্গিমার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাস্যোজ্জ্বল ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিমাখা ছবিও টানানো হয়েছে বিভিন্ন স্থানে। যা সহজেই যাত্রী-পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।