‘ধানের শীষ নয় দাবি ধানের ছড়া’

বিএনপির দলীয় প্রতীকের নাম সংশোধন চেয়ে হাইকোর্টে রিট

বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ এর নাম সংশোধন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে বলা হয়েছে, দল হিসেবে বিএনপি যে প্রতীক ব্যবহার করে থাকে সেটা আসলে ‘ধানের ছড়া’, ধানের শীষ নয়। কারণ ধানের শীষ প্রস্ফুটিত অবস্থায় থাকে না। যেহেতু এটা প্রস্ফুটিত সেহেতু এর নাম হবে ‘ধানের ছড়া’। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। রিটে নির্বাচন কমিশন, বিএনপির চেয়ারম্যান ও মহাসচিবকে বিবাদী করা হয়েছে।

আশিক বিল্লাহ নামে নড়াইলের এক অধিবাসী হাইকোর্টে এ রিট করেন। রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট হারুন আর রাশিদ ইত্তেফাককে বলেন, বিএনপির দলীয় প্রতীকের ছবির সঙ্গে এর মিল নেই। ছবিতে যে প্রতীক রয়েছে সেটা আসলে ‘ধানের ছড়া’। ‘ধানের শীষ’ লেখার সুযোগ নেই। তিনি বলেন, বিএনপি এর আগেও কয়েকবার রাষ্ট্রক্ষমতায় ছিল। কিন্তু এটা সংশোধন করেনি। তাই রিট করা হয়েছে। তবে দলটি চাইলে নিজ উদ্যোগে প্রতীকের নাম পরিবর্তন করতে পারে।

ইত্তেফাক/অারকেজি