মোদীর সফর: যেসব চুক্তি-সমঝোতা হতে পারে

 
ভারতের সঙ্গে ঝুলে থাকা বহুল আলোচিত অভিন্ন তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নরেন্দ্র মোদীর এই সফরে আলোচ্যসূচিতে নেই। আগেই জানানো হয়েছে এবার তিস্তা চুক্তি হচ্ছে না। তবে তিস্তা নিয়ে দুই পক্ষ আলোচনা করবেন ও অগ্রগতির কথা জানাবেন।
 
দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনার পর তাদের উপস্থিতিতে স্থল সীমানা নির্ধারণ সংক্রান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময় হবে। তাদের উপস্থিতিতে বেশ কয়েকটি চুক্তি/প্রটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
 
এগুলোর মধ্যে রয়েছে- দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি, অভ্যন্তরীণ নৌ প্রটোকল, উপকূলীয় নৌ-চলাচল চুক্তি, পণ্যের মান স্ট্যান্ডার্ডাইজেশন সংক্রান্ত সহযোগিতা চুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহযোগিতা চুক্তি। এছাড়াও উভয় দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর মধ্যে সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, জালনোট পাচার প্রতিরোধ, সমুদ্রভিত্তিক ব্লু-ইকোনমির ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
 

ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যেও সহযোগিতা সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এ চুক্তিসমূহ স্বাক্ষরের ফলে আঞ্চলিক আন্তঃসংযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে।