উত্তরায় কোন ছবির গ্যালারি চলবে কি চলবে না এই দোলাচলের মধ্যেই গ্যালারি কায়া এগারো বছর পেরিয়ে এলো। সেই শিল্পযাত্রা ছিল আকর্ষণীয়, নতুন নতুন ছবি ও আইডিয়া নিয়ে হাজির হয়েছে কায়া। এই পথ পরিক্রমাকে উদযাপন করতেই উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীতে রয়েছে দেশের মাস্টার পেইন্টারসহ স্বনামধন্য শিল্পীদের ছবি।
১১ বছর পূর্তি উপলক্ষে কায়া আয়োজিত প্রদর্শনীতে একসঙ্গে দেখা যাবে জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতানের মতো শিল্পীদের ছবি। আরো আছে আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, রশিদ চৌধুরী, দেবদাস চক্রবর্তী, নিতুন কুণ্ডু, সমরজিত্ রায় চৌধুরী, হাশেম খান, মনিরুল ইসলাম, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, কালিদাস কর্মকার, শাহাবুদ্দিন আহমেদ, চন্দ্র শেখর দে, দীপা হক, তরুণ ঘোষ, রতন মজুমদার, শম্ভু আচার্য, রণজিত্ দাশ ও শিশির ভট্টাচার্যের আঁকা ছবি।
২৩ জন আধুনিক শিল্পীর ৪৪টি চিত্রকর্ম। ১৯৭৩ থেকে ২০১৩-এর মধ্যে আঁকা এ ছবিগুলোর মধ্যে কিছু রয়েছে তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে। এছাড়া দুজন সংগ্রাহকের ৩টি ছবি রয়েছে প্রদর্শনীতে। বাকিগুলো গ্যালারি কায়ার সংগ্রহ থেকে নেয়া। প্রদর্শনীর ছবিগুলোর মধ্যে বেশকিছু রয়েছে দুর্লভ সংগ্রহ।
গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থনীতিবিদ বিনায়ক সেন। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী। প্রদর্শনী চলবে ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।