রিহ্যাবের গ্রীষ্মকালীন মেলা শুরু মঙ্গলবার

 
 
আগামী মঙ্গলবার থেকে চারদিনের গ্রীষ্মকালীন আবাসন মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। ওই দিন বিকাল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
 
এবারের মেলায় বিভিন্ন কোম্পানির দেড় শতাধিক স্টল থাকবে। ২৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলার কো-স্পনসর থাকছে ১১টি প্রতিষ্ঠান। মেলা চলবে ১২ জুন পর্যন্ত।
 
শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন রিহ্যাব সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান। রিহ্যাবের ঊর্ধ্বতন সহসভাপতি রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, মো. আনোয়ারুজ্জামান, যুগ্ম সম্পাদক শাকিল কামাল চৌধুরী ও কোষাধ্যক্ষ মো. ইনায়েত উল্লাহ।
 
লিখিত বক্তব্যে রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘আবাসন ছাড়া নাগরিকের স্বাভাবিক জীবন-যাপন অসম্ভব। তাই সাধারণ মানুষের জন্য এ খাতের ঘুরে দাঁড়ানো জরুরি। কেননা, এ খাত এগিয়ে গেলে মানুষের মৌলিক চাহিদা বাসস্থান পূরণের পাশাপাশি শিল্প কারখানা ও অর্থনীর সমৃদ্ধি ঘটবে।’
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সহসভাপতি রবিউল হক বলেন—বর্তমানে রিহ্যাবের সদস্যদের প্রায় ১০ হাজার ফ্ল্যাট অবিক্রীত রয়েছে। ফ্ল্যাটের দাম না কমার কারণ হিসেবে জমি ও বিল্ডিং তৈরির সরঞ্জজামকে দায়ী করেন তিনি। এবারের মেলায় সহনীয় দামে ফ্ল্যাট কেনার সুযোগ থাকবে বলে তিনি জানান।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়—মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রবেশ টিকিট সিঙ্গেল এন্ট্রি ৫০ টাকা ও মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। মাল্টিপল টিকিটে একজন দর্শনার্থী চারবার প্রবেশ করতে পারবেন। বরাবরের মতো এবারও এন্ট্রি টিকিট থেকে প্রাপ্ত অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এছাড়াও এট্রি টিকিটের ওপর অনুষ্ঠিত র্যাফেল ড্রতে থাকবে আকর্ষণীয় পুরস্কার।
 
২০১৫-১৬ বাজেট সম্পর্কে সংবাদ সম্মেলনে বলা হয়, বাজেটে ইতিবাচক দিক রয়েছে। তবে এর বাস্তবায়ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাজেটে ভবন নির্মাণ খাতের জন্য বিদ্যমান মূসক কমিয়ে নতুন কয়েকটি ধাপে বিভক্ত করার যে প্রস্তাব করা হয়েছে তাতে ছোট ফ্ল্যাটের জন্য নিবন্ধন ব্যয় কমলেও বড় ফ্ল্যাটের জন্য ব্যয় বাড়বে। সংশোধিত বাজেটে ইনডেমনিটি প্রদান, নিবন্ধন ব্যয় কমানো, সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেয়ার জন্য ২০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের দাবি করেন তারা।
 
প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে গ্রীষ্মকালীন মেলার করে আসছে রিহ্যাব।