রাজধানীতে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

 
রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গুলশানে হিট স্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল চেক লুঙ্গি ও চেক ফুলহাতা শার্ট। বৃদ্ধের লাশ উদ্ধার করে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এ ছাড়া, শাহজাহানপুরে গ্রিল মিস্ত্রি আইয়ুব আলী ও কামরাঙ্গীরচরে ইলা আক্তার (২০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
 
গুলশান থানার এস আই শাহানুর রহমান জানান—বেলা সাড়ে ১১টার দিকে গুলশান ১ ও ২ নম্বরের মাজখানে ৯০ নম্বর ডেল্টা বিল্ডিয়ের সামনের ফুটপাত থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ওই বৃদ্ধ গরমে ফুটপাতে শুয়ে পড়েন। এর কিছুক্ষণ পর আর তার কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দেয়া হলে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বৃদ্ধের পরিচয় শনাক্ত না করতে পারায় তার লাশ মর্গে পাঠানো হয়েছে।’ তিনি জানান—ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর। ধারণা করা হচ্ছে—হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
 
শাহজাহানপুর থানার এসআই জিয়া উদ্দিন জানান—সকাল সাড়ে ১০টার দিকে আইয়ুব আলী উত্তর শাহজাহানপুরের ৩/৪১ বাড়ির তৃতীয় তলার জানালার গ্রিল লাগানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তার সহকর্মী মোতালেব আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে দুপুরে চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে—তার বাবার নাম মিনু মিয়া। গ্রামের বাড়ি ফরিদপুরের কোমড় ভাঙায়।
 
এ দিকে, শনিবার দুপুর ১২টার দিকে স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন কামরাঙ্গীরচরের গৃহবধূ ইলা আক্তার।
 
ইলার স্বামী রাজীব হোসেন জানান—তিনি নিউমার্কেটের গাউসিয়া মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করেন। শুক্রবার দিনগত রাতে স্ত্রীর সাথে ঝগড়া হয় তার। এর জের ধরে দুপুরে কীটনাশক পান করেন ইলা। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে বেলা দেড়টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।