বাণিজ্য ঘাটতি কমাতে মোদীর আশ্বাস

 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে তার সরকারের তরফ থেকে সব রকম পদক্ষেপ নেয়ার ব্যাপারে ঢাকাকে আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের ইপিজেডে ভারতের বিনিয়োগকারীদের বিনিয়োগের মাধ্যমে এই ঘাটতি কমবে বলে তিনি জানান।
 
বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক সামনের দিনগুলোতে আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় তিনি দু'দেশের মধ্যকার সাংস্কৃতিক নৈকট্য ও ক্রিকেট নিয়ে উভয় দেশের মানুষের আগ্রহের কথা উল্লেখ করেন।
 
বর্তমানে যে পাঁচ শ' মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে বাংলাদেশে আসছে, আগামী দু'বছরে মধ্যে তা বাড়িয়ে ১১ শ' মেগাওয়াট করা হবে বলে তিনি তার বক্তব্যে জানিয়েছেন।
 
মোদীর ভাষণের আগে সীমান্ত চুক্তি দলিল বিনিময় হয়। এছাড়াও বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।