বাংলাদেশ সফরে ভারতীয় দলের পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক তারকা খেলোয়াড় রবি শাস্ত্রীকে। তার অধীনে তিনজন সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার, ভারত অরুণ এবং আর. শ্রীধর দায়িত্ব পালন করবেন। শাস্ত্রীর এই দায়িত্ব ২০১৬ সালের মার্চে ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
গত শনিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তিন সদস্যের এডভাইসরি কমিটির সাথে বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া ও সেক্রেটারি অনুরাগ ঠাকুরের সাথে সভার পরে এই সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্রটি জানিয়েছে। এডভাইসরি কমিটির সদস্যরা হলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণ। জাতীয় দলের জন্য একজন প্রধান কোচ খুঁজতে গিয়ে বোর্ডের মধ্যে কিছু বিষয়ের মতবিরোধ দেখা দেয়ায় এই প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুদিন দেরী হবে। সেটা বুঝতে পেরেই সভার মূল এজেন্ডা করা হয়েছে শাস্ত্রীর মেয়াদ বাড়ানোর বিষয়টি। ভাল মানের একজন বিদেশী কোচের সন্ধানে রয়েছে বিসিসিআই।
সভায় বর্তমান সহকারী কোচদের ব্যাপারেও আলোচনার কথা রয়েছে। এছাড়া ন্যাশনাল ক্রিকেট একাডেমী এবং অনূর্ধ্ব-১৯ ও ভারতীয়-এ দলের অবকাঠামো পুনর্বিন্যাসের ব্যাপারেও আলোচনা হবে।—বাসস