জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহান নেতা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বঙ্গবন্ধু আমাদের যুগের মহান নেতা। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দেয়া যৌথ বিবৃতিতে তিনি এ কথা বলেন। এর আগে গতকাল সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি টুইটারে দেয়া বার্তায় লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে শ্রদ্ধা। এর আগেও বিভিন্ন সময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালো লাগার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী।
গতকাল যৌথ বিবৃতিতে মোদী বলেন, আজ (শনিবার) সকালে আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। তিনি আমাদের সময়ের একজন মহান নেতা। তাঁর দূরদৃষ্টি ও নেতৃত্ব, তাঁর মানবতাবাদ ও আত্মত্যাগ একটি সোনার বাংলার স্বপ্নের জন্ম দিয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আর বাংলাদেশের মানুষের প্রতিভায় সেই স্বপ্ন সাফল্যমন্ডিত হয়ে উঠেছে।
এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল সারাদিনই সরব ছিলেন নরেন্দ্র মোদী। গতকাল সকালে রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসার আগেই টুইটারে ও ফেসবুকে স্ট্যাটাস দেন নরেন্দ্র মোদী। এসেও সময়ে সময়ে এসব যোগাযোগ মাধ্যমে তিনি তার বক্তব্য তুলে ধরেন। শুধু ইংরেজিতে নয় বাংলায়ও লিখেছেন তিনি। তিনি লিখেছেন, বাংলাদেশ, আমি আমার সাথে ভারতের মানুষের ভালবাসা এবং শুভেচ্ছা নিয়ে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে।
গতকাল সকাল ৮টার দিকে ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার আগে টুইট করেন নরেন্দ্র মোদী। তিনি লেখেন, বাংলাদেশের উদ্দেশে যাত্রা করছি। এই সফর আমাদের দেশের মধ্যে থাকা বন্ধনকে আরো শক্তিশালী করতে যাচ্ছে। যার মাধ্যমে দুই দেশের এবং আমাদের অঞ্চলের মানুষেরা উপকৃত হবেন।
এর প্রায় তিন ঘণ্টা পর দেয়া এক টুইটে তিনি লেখেন, বাংলাদেশ, আমি আমার সাথে ভারতের মানুষের ভালবাসা এবং শুভেচ্ছা নিয়ে আসছি। একই বক্তব্য তিনি ইংরেজি ভাষায়ও টুইট করেন। প্রায় একই সময়ে করা আরেক টুইটে মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে। ইংরেজিতেও একই বক্তব্য তুলে দেন তিনি।
ঢাকায় অবতরণের পর নরেন্দ্র মোদী প্রথম যান জাতীয় স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে। সেখানে অবস্থানের চারটি ছবি টুইটারে প্রকাশ করে তিনি ইংরেজিতে লেখেন, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছি।
এরপর নরেন্দ্র মোদী রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই শ্রদ্ধা নিবেদনের ছবি টুইট করেন মোদী।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মসূচিতে যোগ দেন নরেন্দ্র মোদী। সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী কারুশিল্পী গৌরবাথিনি রাসানাইয়াহ’র হাতে বোনা একটি তাপিশ্রী উপহার দেন মোদী। বিকালে এই উপহার তুলে দেয়ার একটি ছবি তিনি টুইট করেন। এই তাপিশ্রীতে কল্পবৃক্ষ ও কামাধেনু গরুর শিল্পকর্ম রয়েছে।
টুইটারের পাশাপাশি ফেসবুক পেজেও একই ধরনের বক্তব্য ও ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা গ্রহণের একটি ছবি পোস্ট করেছেন মোদী। স্ট্যাটাস দেয়ার আধা ঘণ্টার মধ্যেই এটি ৫শ’ বারেরও বেশি শেয়ার হয়। কমেন্টসও পড়ে কয়েক শ’।
মোহাম্মদ আলামীন নামে একজন কমেন্ট করেছেন, আমাদের ভালবাসাও আপনি গ্রহণ করুণ। আর প্রতিবেশী দেশ হিসেবে আমাদের অমীমাংসিত বিষয়গুলো আপনি মীমাংসা করবেন, এটা আমাদের দাবি।
অন্যদিকে, ‘মোদী ইন বাংলাদেশ’ নামে একটি হ্যাশট্যাগ চালু করা হয়েছে, যার উল্লেখ রয়েছে নরেন্দ্র মোদীর অফিসিয়াল ওয়েবসাইটে।