উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চম বারের মতো শিরোপা জিতলো বার্সেলোনা। এই জয়ের মধ্যে দিয়ে এই মৌসুমে ট্রেবল শিরোপা ঘরে তুলল বার্সা।
শনিবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে গোল মুখে শট বা বল দখলের লড়াইয়ে সবদিক থেকে বার্সেলোনার চেয়ে পিছিয়ে ছিলো জুভেন্টাস। আর র্বাসা যে দারুণ খেলছিলো তার প্রমাণ মিলে ম্যাচের চার মিনিটে।
ইভান রকিটিচের গোলে এগিয়ে যায় কাতালানরা। অবশ্য ৫৫ মিনিটে আলবারতো মরাতোর গোলে সমতায় ফিরে তুরিনের ওল্ড লেডিরা। তবে ৬৭ মিনিটে লুইস সুয়ারেজের গোলে আবারো এগিয়ে যায় বার্সা। এর চার মিনিট পর নেইমারের গোল হ্যান্ডবলের কারণে বাতিল করে দেন রেফারি। তবে ম্যাচ শেষ হওয়ার আগে ইনজুরি টাইমে সেই নেইমারের গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
ম্যাচ সেরা হয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার মধ্য দিয়ে ইতিহাসের প্রথম ইউরোপিয়ান ক্লাব হিসেবে দুবার ট্রেবল জয়ের রেকর্ড গড়লো কাতালনারা। শেষ বার ট্রেবল জিতেছিলো তারা ২০০৯ সালে।