ব্যবসায়ী মুসা বিন শমসের রবিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল করেছেন। আইনজীবীর মাধ্যমে দুদক সচিব বরাবর সম্পদের হিসাব পেশ করেন তিনি। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সাত কর্মদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে মুসাকে ১৯ মে নোটিশ পাঠায় দুদক। এ নোটিশের ৪দিন পর দুদকের কাছে তিনি আরও সাত কর্মদিবস সময় আবেদন করেন।
গত ৫ মে কমিশনের দৈনন্দিন সভার সিদ্ধান্তে মুসা বিন শমসেরের নামে সম্পদের নোটিশ জারির অনুমোদন দিয়েছেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। অনুমোদনের পর বনানীতে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে নোটিশ পাঠিয়েছে দুদক।
সুইস ব্যাংকে ‘৭ বিলিয়ন ডলার’ অর্থের অনুসন্ধানে গত বছর তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এ পরিমাণ অর্থের অনুসন্ধান করতে গিয়ে সম্প্রতি তিনি আরো ৫ বিলিয়ন মার্কিন ডলারসহ মোট ১২ বিলিয়ন ডলার সুইস ব্যাংকে জমা রয়েছে বলে দুদককে জানিয়েছেন।
এ অর্থ জব্দ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।
দুদককে তিনি আরো জানিয়েছেন, বাংলাদেশ থেকে তার কোনো অর্থই সুইস ব্যাংকে জমা হয়নি।এসব অর্থ বিদেশে উপার্জিত।
মুসার দেয়া এসব তথ্যের পর আইনি প্রক্রিয়ায় প্রকৃত অর্থের পরিমাণ ও উৎস জানতে সুইস ব্যাংকে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে দুদক।