রংপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 
জাহানারা বেগম নামে ওই পরিক্ষার্থীর বাড়ি কাউনিয়া উপজেলার মীরবাগে।
 
রবিবার সকাল ১১ টায় মীরবাগ বিজলের ঘুমটি নামকস্থানে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, এইচএসসি পরীক্ষা দিতে ব্যাটারি চালিত অটোরিকশা করে মীরবাগ থেকে হারাগাছ কলেজে যাচ্ছিলেন জাহানারা। রিকশাটি রংপুর-কুড়িগ্রাম সড়কের বিজলের ঘুমটি এলাকায় পৌঁছলে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহানারা বেগম মারা যান। আহত হন আরো ৫ জন। তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
কাউনিয়া থানার ওসি রেজাউল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।