প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঝুঁকিতে পূর্বাঞ্চলীয় রেলপথ। যেসব স্থানের রেললাইনে প্রয়োজনীয় যন্ত্রাংশ নেই সেসব স্থানে অতিরিক্ত গরমের সময় ট্রেনের গতি কম করে চলার নির্দেশনা দেয়া হয়েছে। গত কয়েক দিনের গরমে এরই মধ্যে রেললাইন বাঁকা হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগরে রেললাইন বাঁকা হয়ে দই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. কামরুল হাসান বলেন, রেললাইনের উপর ৫০ ডিগ্রির বেশি তাপ মাত্রা হলেই বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য যেসব জায়গায় রেললাইনে কিছু ত্রুুটি আছে সেখানে গতি কমিয়ে দেয়া হয়। পূর্বাঞ্চল রেলপথের লাকসাম-আখাউড়া সেকশনেই গতি কমিয়ে আনার নির্দেশনা বেশি কার্যকার হয়। অতিরিক্ত গরমের কারণে দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত গতি কমিয়ে ট্রেন চালানো নির্দেশনা বলবৎ থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন এলাকায় যেখানে রেললাইনে তাপ বেশি লাগে সেখানে কম গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেয়া হয়েছে চালকদের। এর মধ্যে আখাউড়া-আশুগঞ্জ রেলওয়ে সেকশনের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকার চার কিলোমিটার জায়গায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেয়া আছে। লাকসাম-আখাউড়া রেলওয়ে সেকশনে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেয়া হয়। বিভিন্ন স্টেশন থেকে লিখিত কাগজের মাধ্যমে ট্রেনের চালকদের এ নির্দেশনা দেয়া হয়েছে।
জানা গেছে, ট্রেনের গতি কমিয়ে আনাসহ সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার ঘটনায় পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন ট্রেন বেশ কয়েকঘণ্টা বিলম্বে চলছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও গোধূলি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস গত বৃহস্পতিবার বেশ কয়েকঘণ্টা বিলম্বে চলাচল করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক মজুমদার জানান, গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের কাছে একাধিক জায়গায় রেললাইন বাঁকা হয়ে যায়। যে কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রেখে মেরামত কাজ করা হয়। রেললাইন মেরামত শেষে ফের ট্রেন চলাচল শুরু হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের সহকারি নির্বাহী প্রকৌশলী (এইএন) কাজী মোস্তাফিজুর রহমান বলেন, রেললাইনের একেক জায়গায় একেক রকমের তাপ লাগে। সে জন্য গতি কমানোর নির্দেশনা দেয়া হয়। আখাউড়া-আশুগঞ্জ রেলওয়ে সেকশনের পাঘাচংয়ের চার কিলোমিটার এলাকায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।
প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) মো. হারুনূর রশিদ জানান, প্রচণ্ড গরমের কারণে রেললাইন বাকলিং (বেঁকে যাওয়া) হয়। যে কারণে গতি কমিয়ে দেয়ার নির্দেশনা দেয়া আছে।