ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাতায়াতে নিরাপত্তার জন্য রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। আগে থেকে নির্দেশনা না থাকায় রবিবার যানজটের ঝামেলা পোহাতে হয়েছে নগরবাসীকে।
মোদীর সফরের প্রথম দিন শনিবারও যানজট লাগে তবে ছুটির দিন থাকায় মানুষের ভোগান্তি কম হয়।
রবিবার সকালে হোটেল সোনারগাঁও থেকে বের হয়ে প্রথমে বকশীবাজারে ঢাকেশ্বরী মন্দিরে যান ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি গোপীবাগে রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে পৌনে ১০টার দিকে বারিধারায় পৌঁছান।
সেখানে ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্সে ভারতীয় সহায়তার ছয়টি প্রকল্পের উদ্বোধন শেষে কারওয়ান বাজার মোড়ে সোনারগাঁও হোটেলে ফিরে যান।
বেলা সাড়ে ১২টার দিকে হোটেল থেকে বেরিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান মোদী।
তার এই চলাচলের পথগুলো সুগম করতে কোন কোন সড়কে কখন যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে তা আগে থেকে নগরবাসীকে জানায়নি পুলিশের ট্রাফিক বিভাগ।
তাই তপ্ত দুপুরে গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোড, মৌচাক, মালিবাগ, বাংলামোটর, চামেলীবাগ, কাকরাইল, কারওয়ান বাজার, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ ও এয়ারপোর্ট রোড এলাকাজুড়ে যানজটে পড়ে নগরবাসী।