রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মাঠপাড়া এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় তিন দিন পর শিশুটিকে রবিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য নেয়া হয়েছে।
শিশুটির বাবা রুহুল আমিন সাংবাদিকদের জানান— প্রতিবেশী ভাড়াটিয়া হাবিব (৩৫) গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মোজো (কোমল পানীয়) কিনে দেয়ার কথা বলে তার মেয়েকে নিজ ঘরে নিয়ে যায়। এরপর তাকে মোজো খেতে দেয়। মোজো খাওয়ার একপর্যায়ে মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি বাড়িওয়ালাকে জানালে তিনি মীমাংসা করে দেবেন বলে জানান। কিন্তু কোনো উদ্যোগ নেননি। পরে শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার শর্মিলী জানান—শিশুটির বাবার কথার ভিত্তিতে তাকে ২১২ নম্বর ওয়ার্ডে চিকিত্সার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। পরীক্ষার পর শিশুটির অবস্থা জানানো যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনীশঙ্কর কর বলেন, ‘এমন অভিযোগ আমরা এখনো পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।’