রাজশাহীতে নকল ক্যাবল কারখানার সন্ধান

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নকল বিদ্যুতের ক্যাবল (তার) তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নের্তৃত্বে (র‌্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান। এ অভিযান চালায়। এ সময় কারখানার মালিকসহ তিন সহোদরকে কারাদণ্ড প্রদান এবং ৩২ লাখ টাকা মূল্যের নকল কেবল ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, পুঠিয়ার এমদাদুল হক (৪০), জাহাঙ্গীর আলম (৩৮) ও দেলোয়ার হোসেন (৩৬)। এদের কারাগারে পাঠানো হয়েছে।
 
রাজশাহী র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর জামান জানান, রবিবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পুঠিয়ার কাঠালবাড়িয়া গ্রামে লাইসেন্সবিহীন এবি কেবলসের ওই কারখানায় অভিযান চালায়। কারখানাটিতে বিআরবি ক্যাবলস, বিবিএস ক্যাবলস, প্যারাডাইস ক্যাবলস, আরবি, সুপার স্টার ক্যাবলসের নামে নকল ক্যাবল তৈরি হচ্ছিল। 
 
ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেনকে তিনমাস করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ডাদেশ দেন। এসময় আসামিরা জরিমানার অর্থ নগদ প্রদান করেন। পরে থানা পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। জব্দকৃত প্রায় ৩২ লাখ টাকা মূল্যের নকল ক্যাবল প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে।